উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আঃ আজিজের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেতু।এ ছাড়া বক্তব্য রাখেন কটিয়াদী পৌর যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান মাসুদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আন্দোলন-সংগ্রামে যেভাবে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে ও রাজপথে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কটিয়াদী সফর ও অনুষ্ঠানে একইভাবে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করতে হবে।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেতু বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজপথের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রীর কটিয়াদীর অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সফল করতে হবে।সভা শেষে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল আচমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠ পরিদর্শন করেন এবং অনুষ্ঠান সফল করতে মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন। সফরকালে কটিয়াদী সরকারি হ্যাচারি ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠে পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।