উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের দলীয় সমর্থন পেলে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবিদ, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম শফিক।দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে পুঁজি করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেবা করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার ইচ্ছা পোষণ করছেন তিনি।মোঃ শফিকুল ইসলাম শফিক জালালপুর ইউনিয়নে দলমত নির্বিশেষে পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যবসায়ী সমাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাংগঠনিক অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন।রাজনৈতিক জীবনে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি। প্রতিকূল পরিস্থিতিতেও রাজনৈতিক আদর্শ ও নীতির প্রতি অবিচল থাকার বিষয়টি তাঁর রাজনৈতিক পথচলার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেন তাঁর অনুসারীরা।সততা, স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তাকে রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করেন শফিকুল ইসলাম শফিক। তাঁর মতে, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।জালালপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তাঁর প্রত্যাশা, দলীয় নেতৃত্ব তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক অবদান, ত্যাগ ও জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে তাঁকে দলীয় সমর্থন দেবে। দলীয় সমর্থন ও নেতাকর্মীদের সহযোগিতা পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।