উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাঈম ইসলাম , কটিয়াদী প্রতিনিধি ||
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মসূয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মসূয়া গ্রামের কাদির মেম্বার বাড়ি সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।মসূয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক এ.জেড.এম গোলাম রশিদ পিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান হাসান, সমাজসেবক আবু তালেব, ওমর ফারুক, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, রনি মিয়া, হাবিবুর রহমানসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজ।সভায় বক্তারা বলেন, মাদকাসক্তদের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে উঠেছে পুরো এলাকাবাসী। মাদকের টাকা জোগাড় করতে এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, দোকানপাট এমনকি কৃষি জমির ফসল ও জিনিসপত্রও নিরাপদ নয়। রাতের আঁধারে সবকিছু চুরি হয়ে যাচ্ছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।বক্তারা আরও বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।