উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কিশোরগঞ্জের কটিয়াদীতে গাজীপুর শাহীন স্কুলের অবৈধ শাখা ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে কটিয়াদী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।সোমবার (২ নভেম্বর) সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর শাহীন স্কুল নামের এই প্রতিষ্ঠানটি গাজীপুর থেকে সরাসরি পরিচালিত হচ্ছে এবং প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির প্রচারণা চালাচ্ছে। অথচ কটিয়াদী শাখার প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিবন্ধন, স্বীকৃতি কিংবা শ্রেণিভিত্তিক পাঠদানের কোনো বৈধতা নেই। অনুমোদনহীন শাখা খুলে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ অভিভাবকদের প্রতারিত করা হচ্ছে উল্লেখ করে শিক্ষার নামে চলা এই ব্যবসা ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত সরকারি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, "গাজীপুর শাহীন ক্যাডেট একটি অবৈধ প্রতিষ্ঠান। তাদের কোনো অনুমতিপত্র নেই। আমরা অবিলম্বে তাদের এই অবৈধ কার্যক্রম বন্ধ চাই।"কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের দাবির বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, "তাদের যে দাবি, সে দাবির সঠিক কারিকুলাম আমাদের হাতে নেই। বিষয়গুলো একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আসা দরকার।"গাজীপুর শাহীন স্কুল নামে কোনো প্রতিষ্ঠান অনুমতি নিয়েছে কি না—তা জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার জানান, "প্রতিষ্ঠান গড়ার আগে কিন্ডারগার্টেনের কোনো অনুমতির প্রয়োজন হয় না। প্রতিষ্ঠান চালুর পর অনুমতির জন্য আবেদন করা হলে আমরা নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি।" এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, আমি এই বিষয়ে অবগত না। যদি এমনটা করার চেষ্টা করে থাকে তাহলে দুই দিনের ভিতর বন্ধ করে দিবো।এই বিষয়ে গাজিপুর শাহিন ক্যাডেট একাডেমি কটিয়াদী শাখার পরিচালক আব্দুল মুতিন মঠোফোনে বলেন , আপনারা যা ইচ্ছা করেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।