উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাফিজ আদনান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর।সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল ও বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন উপজেলা ব্যবস্থাপক সুমিত বণিক।সভায় জানানো হয়, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০টি গ্রামে এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর আওতায় ১৬টি ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (VLTC) স্থাপনের মাধ্যমে ১ হাজার ২৮০ জন নারীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২ হাজার ২৪০ জন তরুণ-তরুণীকে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলস (SEB) এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং (EDT) প্রদান করা হবে। এর মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের অর্থায়নে দেশব্যাপী EARN প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের জাতীয় লক্ষ্যমাত্রা ৯ লাখ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তার আওতায় নিয়ে আসা। যার অন্তত ৬০ শতাংশ নারী।সভায় বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ, আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিউনিটির সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কটিয়াদী উপজেলায় EARN প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্ট ও ব্র্যাক (BRAC) যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে উপজেলার পিছিয়ে পড়া ও সুযোগবঞ্চিত তরুণ-তরুণীরা দক্ষতা অর্জনের সুযোগ পাবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।